© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কবিরাজ সেজে নেট দুনিয়ায় আলোচিত সেই ব্যক্তি আসলে পেশাদার অভিনেতা

কবিরাজ সেজে নেট দুনিয়ায় আলোচিত সেই ব্যক্তি আসলে পেশাদার অভিনেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৫ এএম | ১৯ মে, ২০২৬
রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক? বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ডায়ালগটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। ফেসবুক, টিকটক কিংবা ইউটিউব সব খানেই এখন রমরমা রাজত্ব চালাচ্ছে এই একটি সংলাপ। নেটিজেনদের একাংশ হয়তো ভাবছেন, কোনো কবিরাজের মুখ থেকে এসেছে এই কথা। কিন্তু ভাইরাল হওয়া এই কবিরাজ বাস্তবে কোনো কবিরাজ নন, বরং তিনি একজন পেশাদার অভিনেতা।

জানা যায়, কবিরাজের ছদ্মবেশে ক্যামেরার সামনে আসা এই ব্যক্তির নাম ঈমান আলী। প্রায় ২০-২৫ বছর আগে ভাগ্য অন্বেষণে সপরিবারে লালমনিরহাট জেলা থেকে পাড়ি জমিয়েছিলেন গাজীপুরে। সেই থেকে গাজীপুরেই স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

ছোটোবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন ঈমান আলী। একটা সময় সেই শখটাই রূপ নেয় পেশায়। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয়কেই তিনি জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হিসেবে বেঁছে নিয়েছেন। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক সচেতনতামূলক এবং হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেন তিনি।

সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কন্টেন্টের জন্য কবিরাজের চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। সেখানে তার বাচনভঙ্গি, চোখের ইশারা আর বিশেষ ভঙ্গিমায় বলা,রাগ করলা, কথা ঠিক না বেঠিক, ডায়লগটি রাতারাতি লুফে নেয় নেট দুনিয়া। মুহূর্তের মধ্যেই লাখ লাখ ভিউ এবং শেয়ারের মাধ্যমে এটি ভাইরাল কন্টেন্টে পরিণত হয়। সাধারণ মানুষ থেকে শুরু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তারকারাও এখন ঈমান আলীর এই ডায়ালগ ব্যবহার করে তৈরি করছেন নানা ভিডিও।

ঈমান আলী দেশের একটি গণমাধ্যমকে জানান, তার ইচ্ছে ছিলো অভিনয়ের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পরিচিত হওয়ার। তিনি বলেন, আমার ইচ্ছে পূরণ হয়েছে। আমি পেশাদার কোন কবিরাজ নই। অভিনয়ের মাধ্যমে আমি পেশাটাকে ফুটিয়ে তুলেছি। হয়ত অনেকেই সত্যি সত্যি আমাকে কবিরাজ ভেবে ভুল করছে। ভাইরাল হওয়া ভিডিওটি অভিনয় ছিলো। ভিডিওটি শুধু মাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

তিনি আরও বলেন, আমি যত দিন বেঁচে থাকবো মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো।

এসকে/ টিএ

মন্তব্য করুন