© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মিছিলের প্রস্তুতি: ১৩ জন রিমান্ডে

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মিছিলের প্রস্তুতি: ১৩ জন রিমান্ডে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৩ পিএম | ১৬ জুন, ২০২৬
​রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ১৪ আসামির ১৩ জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

মঙ্গলবার (১৬ জুন) মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আসামিদের রিমান্ডের আদেশ দেন। একই সঙ্গে মো. তাইমুর সাইফ নামে এক আসামিকে বয়স বিবেচনায় রিমান্ড না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের ভিন্ন ভিন্ন আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে আদালতকে বলেন, আসামিরা ঘটনার দিন বিশ্বকাপ খেলা দেখছিল; রাজনীতিতে বা কোনো সংগঠনে তাদের কোনো পদ-পদবী নেই। সুতরাং তাদের রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই। 

​রিমান্ডে পাঠানো আসামিরা হলেন, মোতাহের হোসেন শুভ (৩০), মারুফুল ইসলাম (২৪), তানভীর আহম্মেদ সানী (২৪), ওয়ালিউল্লাহ ফারুক আদর (১৮), মোঃ সামির চৌধুরী লিমন (১৮), মোঃ ইমন আলী খান (১৯), মোঃ ইয়াছিন আরাফাত আবির (২১), মোঃ সিফাত রহমান (১৯), ইয়ামিন আরাফাত নিহাদ (২০), মোঃ নাজমুল সরকার (১৯), মোঃ আবির হোসেন (২১), তৌকির তারেক আয়াজ (২২) এবং মোঃ হাবিবুর রহমান (৪৭)।

​মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ মে সকালে কতিপয় আসামিরা বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের (আউটগোয়িং) নেভি হেডকোয়ার্টার্সের বিপরীত পাশে পাকা রাস্তার ওপর বেআইনিভাবে জড়ো হন। এসময় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় হওয়া মামলার পরিপ্রেক্ষিতে ওই আসামিদেরকে গত ১৩ জুন গ্রেপ্তার করা হয়।

অভিযোগে বলা হয়, গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য। তারা ওই স্থানে অবস্থান নিয়ে সংগঠনের নেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। একই সঙ্গে তারা পরস্পর যোগসাজশে ষড়যন্ত্র ও প্ররোচনার মাধ্যমে সরকারি ও জনসাধারণের সম্পত্তির ক্ষতিসাধন করে বর্তমান সরকারকে উৎখাত বা পতন ঘটানোর লক্ষ্যে বিভিন্ন সরকারবিরোধী স্লোগান সম্বলিত লিফলেট ও পোস্টার বিতরণ করছিলেন। 

অভিযানে ঘটনাস্থল থেকে আসামিদের কাছ থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস সংক্রান্ত লেখা ও নেতাকর্মীদের ছবি সম্বলিত ২৪টি পিভিসি পোস্টার, একটি টিভিএস আরটিআর মোটরসাইকেল এবং মোবাইল ফোন জব্দ করা হয়।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে সত্যতা স্বীকার করেছেন। মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, অর্থ জোগানদাতা ও ঘটনার মূল পরিকল্পনাকারীদের শনাক্তকরণ এবং পলাতক ১০/১৫ জন অজ্ঞাতনামা আসামিকে গ্রেপ্তারের স্বার্থে আসামিদের পুলিশ হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

এসএন 

মন্তব্য করুন