© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, আটক ৩

শেয়ার করুন:
বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, আটক ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩১ পিএম | ২৮ অক্টোবর, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩ হাজার ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা।

এ ঘটনায় বাসের সুপারভাইজার ও হেল্পারসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে বিষয়টি গণমাধ্যমকে জানান নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় ৫০ মিনিটের দিকে সোনারগাঁয়ের পিরোজপুর দোয়েল বাস টার্মিনালে অভিযান চালিয়ে আলফা এক্সপ্রেসের একটি স্লিপার বাস থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন–যশোরের শার্শা উপজেলার ভবেরবেড় এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে রাকিবুল হাসান (৩০), যশোরের কোতোয়ালি থানার নিউ মার্কেট বি-ব্লক এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে মো. আশিক (২৮) এবং নারায়ণগঞ্জের ফতুল্লার ব্রাহ্মণগাঁও এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে সাইফুল হোসেন (৩৮)।

রাকিবুল ঢাকার যাত্রাবাড়ীর বিবির বাগিচায় এবং আশিক সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় বসবাস করতেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলফা এক্সপ্রেসের স্লিপার বাসটিতে অভিযান চালানো হয়। এ সময় বাসের সিটের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ২৩ হাজার ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থল থেকে বাসের সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে মাদক কারবারে জড়িত সন্দেহে আরো একজনকে আটক করে ডিবি। অভিযানে ইয়াবা বহনকারী স্লিপার বাসটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় এজাহার দায়ের করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা করে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান দেশের একটি গণমাধ্যমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসের সিটের ভেতর থেকে ২৩ হাজার ইয়াবা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা বাকিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছি।

পাশাপাশি এ চক্রের মূল হোতাকে গ্রেপ্তারে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

কেএন/টিএ

মন্তব্য করুন