© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেতানিয়াহুকে পদত্যাগ করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর আহ্বান আইজেনকোটের

শেয়ার করুন:
নেতানিয়াহুকে পদত্যাগ করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর আহ্বান আইজেনকোটের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৫ এএম | ২৮ অক্টোবর, ২০২৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগ করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট। 

তিনি বলেছেন, দেশটির জনগণ পরিবর্তনের পক্ষে এবং নেতানিয়াহুর ক্ষমতায় থাকার বিপক্ষে ভোট দিয়েছেন। একইসঙ্গে, নিরাপত্তা বাহিনী ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের প্রতি রাষ্ট্র এবং ইসরায়েলি নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর), ইসরায়েলের সাধারণ নির্বাচনে, ভোটগ্রহণ শেষ হওয়ার পর নিজের দলের সদর দফতরে বক্তব্য দেন আইজেনকট। 

দেশটির প্রধান টেলিভিশন চ্যানেলগুলোর বুথফেরত জরিপে নেতানিয়াহুর লিকুদ পার্টিকে সবচেয়ে বড় দল হিসেবে দেখানো হলেও সরকারপন্থি ও নেতানিয়াহুবিরোধী: কোনো শিবিরই পার্লামেন্ট নেসেটে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পূর্বাভাস পায়নি। 

তাই, দুই আরব-নেতৃত্বাধীন দলের আসন সংখ্যা সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আইজেনকট বলেন, ‘এগুলো এখনো বুথফেরত জরিপের ফলাফল। আমাদের চূড়ান্ত ভোট গণনার জন্য অপেক্ষা করতে হবে। তবে এটা ইতোমধ্যে স্পষ্ট যে, আজ রাতে, নেতানিয়াহুর বিপক্ষে আরও বড় ও শক্তিশালী, দায়িত্বশীল জায়নবাদী সংখ্যাগরিষ্ঠতা দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, ‘জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। নেতানিয়াহুর জোট জনগণের আস্থা হারিয়েছে। ইসরায়েলের জনগণ নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার বিপক্ষে ভোট দিয়েছে।’

নেতানিয়াহুকে জনগণের অনাস্থার রায় মেনে নিয়ে রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান আইজেনকট। 

তার ভাষায়, ‘এত বেশি ভোটার উপস্থিতির পর আবার নির্বাচন আয়োজন করা ভুল হবে।’

ভবিষ্যৎ সরকার গঠনের বিষয়ে আইজেনকট বলেন, ‘সবার সেবা করবে, এমন একটি জায়নবাদী সরকার গঠনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’ তার পরিকল্পিত সরকার সর্বজনীন সামরিক নিয়োগের নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং হামাসকে ভেঙে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে, সমাজের সব অংশের প্রতি সম্মান দেখানো ও তাদের স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্ব দেন।

নিরাপত্তা বাহিনী ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে আইজেনকট বলেন, ‘শুধু রাষ্ট্র এবং ইসরায়েলের নাগরিকদের স্বার্থেই কাজ করুন।’

তিনি আরও বলেন, ‘দায়িত্ব এড়িয়ে যাওয়া, ব্যর্থতা ও মিথ্যার যুগ শেষ হয়েছে। আমরা দেখিয়েছি, এটি এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষের বিজয় নয়; বরং ইসরায়েলের সমগ্র জনগণের বিজয়।’

তবে বুথফেরত জরিপের ফলাফল এখনো চূড়ান্ত নয়। ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশিত হলে সরকার গঠনের চিত্র আরও স্পষ্ট হবে।

কেএন/টিএ

মন্তব্য করুন